ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাউদ শেখ (৭০) নামে এক আওয়ামী লীগ নেতা বিষপান করে প্রাণ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বজনের দাবি, উপজেলার বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ শারীরিকভাবে লাঞ্ছিত করায় অপমান সইতে না পেরে তিনি প্রাণ দিয়েছেন। গতকাল সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দাউদ হোসেন কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর বারবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

স্বজনরা বলেন, গত ৭ জুন উপজেলার বারবাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল হয়েছে। মিছিলে না যাওয়ায় ওইদিন সন্ধ্যায় একটি চায়ের দোকানে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালাগাল করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এরপর রাতে তিনি ক্ষোভে-দুঃখে বিষপান করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারবাজার অপু ক্লিনিকে নিয়ে যান। পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে দাউদ শেখের ছেলে আলিম হোসেন বলেন, চেয়ারম্যান দাবি করেছেন, মিছিলে না যাওয়ায় চাচার মুখ ধরে একটু ঘুরিয়ে দিয়েছিলাম।

অভিযুক্ত বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার (দাউদ হোসেন) মাথায় সমস্যা ছিল। তিনি খান স্পিরিট। আর এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ।