কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্রুতগতির ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া চালকের নাম তুফান ইসলাম রাসেল (২৫)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি নিয়ে ভূরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এ সময় চালক তুফান ইসলাম রাসেলের ওপর গাড়িটি পড়লে সে গুরুতর আহত হয়।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে ভটভটি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










