ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের চট্টগ্রামের বাসায় গভীর রাতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় নগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
দুদকের সূত্র জানায়, মাহবুবুল আলমের বাসায় বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে র্যাব দুদককে সহায়তা করে।
দুদক ও র্যাবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযান পরিচালনার বিষয়ে থানাকে কিছুই জানানো হয়নি। সাংবাদিকদের কাছ থেকে আমরা ঘটনাটি জানতে পেরেছি।
মাহবুবুল আলম ২০২৩ সালের ১৪ আগস্ট এফবিসিসিআইর সভাপতি হিসেবে দায়িত্ব নেন। গণঅভ্যুত্থানের পরে ব্যবসায়ীদের দাবির মুখে একই বছরের ৯ সেপ্টেম্বর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে এ পদ থেকে সরে দাঁড়ান।
তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন। মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবেও কয়েক মেয়াদে দায়িত্ব পালন করেছেন।










