দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ১৯ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলা নম্বর-১১।

মামলার বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক। তিনি বলেন, ‘আগে যেসব নির্বাচন কমিশনের কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয়-ভীতি দেখিয়ে ভোট সম্পূর্ণ করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল, সেসব অপরাধের ফিরিস্তি নিয়ে ১৯ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড করব।’

বিএনপির করা এ মামলার আসামিরা হলেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ, তৎকালীন নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, তৎকালীন নির্বাচন কমিশনার আবু হানিফ, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, তৎকালীন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম নুরুল হুদা, পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, সাবেক ডিজি র‍্যাব ও সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম প্রমুখ।