ঘন কুয়াশায় আচ্ছাদিত গোটা চুয়াডাঙ্গা জেলা। গতকাল (৪ জানুয়ারি) রাত থেকেই এমন কুয়াশাচ্ছন্ন চুয়াডাঙ্গা। এ কারণে স্থবিরতা বিরাজ করছে জনজীবনে। শীতের তীব্রতা কিছুটা কমলেও শীতল বাতাসে জনজীবন থমকে গেছে। গত ২০২৪ সালের ১৯ নভেম্বর থেকে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। গত ১৯ দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছিল।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।
এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার চৌরাস্তার মোড়ে কাজের সন্ধানে আসা মানিক নামের এক শ্রমিক বলেন, খুব ঠাণ্ডা পড়েছে। ভোরে কাজের সন্ধানে বের হয়েছি। এখনো কাজ পায়নি। প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপুনি ধরে যাচ্ছে। ঠাণ্ডা বাতাসে আরো বেশি শীত লাগছে। ঘর থেকে বেরুতে পারছি না। কিন্তু পেটের দায়ে কাজের জন্য বের হতে হচ্ছে।
চুয়াডাঙ্গায় আরো কিছুদিন তাপমাত্রা নিম্ন পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।










