হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেনচার লিমিটেডের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ওই উপজেলার ডুবাই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী।

দুর্ঘটনার বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম। তিনি বলেন, আকিজ ভেঞ্চার গ্রুপের এ কারখানার ভেতরে গ্যাস–সংযোগের কাজ মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে দুজন নিহত হন। আহত দুজনকে সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে রিয়াজ উদ্দিন কারখানার প্রকৌশলী।

ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আকিজ গ্রুপের আকিজ ভেনচার লিমিটেডের প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আকিজ ভেনচার লিমিটেড ২০০৬ সালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নামে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। খাদ্য ও পানীয়সহ আকিজ ভেনচারের অন্য ১৩টি প্রতিষ্ঠানের ব্যবসার খাতগুলো হলো কৃষি পণ্য, স্বাস্থ্য সেবা, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, বাইসাইকেল ইত্যাদি।