গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নির্বাচনী প্রক্রিয়ার বাইরে অন্য কোনো পন্থা ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে এ সভা হয়।
মঈন খান বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেটি হচ্ছে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেন সারা বিশ্ব বা অন্য কোথাও জানা নেই। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, যারা অন্য কোনো পন্থায় এ দেশকে পরিচালনা করতে চায়, তাদের আর বিএনপির পথ আলাদা।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সেটা হতে দেবে না।’
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্য করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঈন খান বলেন, ‘এ দেশে গত কয়েক দিনে যে বিভিন্ন ঘটনা হচ্ছে, সেই ঘটনার মূলে কোনো রহস্য রয়েছে। সেই রহস্য আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে উন্মোচিত করতে হবে।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে বিএনপি নেত্রী রিটা রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) মজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধা দলের সদস্যরা।










