সীমান্তে অবৈধ পুশ-ইন প্রসঙ্গে ভারতকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পুশ-ইন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের পুশ-ইন করুন, শেখ হাসিনাকে পুশ-ইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাব।’
গতকাল বিকালে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর শহরের থানার মোড় শহীদ স্কয়ারে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। কোটা সংস্কার থেকে গণ-অভ্যুত্থান। যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়ে ছিল। সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে। আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। কিন্তু এই শেরপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশ-ইন করে বাংলাদেশের জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করা হচ্ছে।’
পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ বক্তব্য দেন।










