আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেয়ার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ বেলা সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল (বুধবার) কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সকলকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানাচ্ছি। আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। এখন দেশ গঠনে ছাত্র-জনতাকে কাজ করতে হবে। এখন লুটপাট, নাশকতা ও সাম্প্রদায়িক হামলা যারা করবে, তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, দ্রুতই রাষ্ট্রের স্থিতাবস্থা ও আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র-জনতাকে কাজ করতে হবে।