রাখিপূর্ণিমা আজ। গোটা ভারতেই এদিন রাখিবন্ধন উৎসব হয়। সৌভ্রাতৃত্বের এ উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারত থেকে রাখিসহ উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর পৌর মেয়র গোপাল শেঠ। বেনাপোলের আইসিপি বিজিবি ক্যাম্পে গতকাল উপহার গ্রহণ করেন যশোর-১-এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
জানা যায়, রাখিপূর্ণিমা উপলক্ষে গোটা ভারতে উৎসব হয়। রাখির উপহার হিসেবে প্রতিবেশী বা বন্ধু দেশের রাজনৈতিক নেতাদের উপহার পাঠানোর নিয়ম রয়েছে ভারতের। বাংলাদেশ থেকেও বিভিন্ন সময় প্রতিবেশী দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে উপহার পাঠানো হয়। ঠিক এভাবেই ভ্রাতৃত্বের বার্তা দিল বনগাঁ পৌরসভাও। গতকাল সংস্থাটির মেয়র ও কাউন্সিলররা পেট্রাপোল সীমান্তে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কচুরিপানার তৈরি রাখি ও মিষ্টি তুলে দেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হাতে। শুধু বাংলাদেশই নয়, আরো একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য বনগাঁ পৌরসভা এ উপহার পাঠিয়েছে।
বনগাঁ পৌরসভার মেয়র গোপাল শেঠ বলেন, রাখিবন্ধন উৎসবকে ঘিরে দুই দেশের মধ্যে মেলবন্ধনের এটি একটি প্রচেষ্টা মাত্র। এর মাধ্যমে যেমন দুই দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে, তেমনভাবেই বনগাঁ পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর নারীদের হাতে তৈরি করা এ কচুরিপানার রাখি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছে পৌঁছে দেয়া হবে। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এ বছর আমেরিকা, জার্মানি, কানাডা ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের রাখি পাঠানো হয়েছে। তারই অংশ হিসেবে আমরা গতকাল পেট্রাপোল সীমান্তে এসে স্থানীয় সংসদ সদস্যের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাখি ও মিষ্টি তুলে দিলাম।
উপহার গ্রহণকালে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, রাখিবন্ধন উৎসবে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে। উপহার হিসেবে পাঠানো হয়েছে মিষ্টি, রাখি এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের দুটি ছবি। পাশাপাশি আমরাও ভারত থেকে আসা প্রতিনিধিদের উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুসংহত রাখতে দুই দেশের মধ্যে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়। এমন কর্মকাণ্ডের মাধ্যমে দুই দেশের মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে।










