বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, বিগত অবৈধ আওয়ামী লীগ সরকার দেশ থেকে সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। যা বাংলাদেশের বার্ষিক উন্নয়ন বাজেটের ৫ গুণ। তাই দেশের মানুষের প্রতিটি আমানত পাই পাই করে বুঝিয়ে দেবেন, চুরি করবেন না।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের কপালে নেই মন্তব্য করে জামায়াতের আমীর বলেন, তিনটি নির্বাচন আওয়ামী লীগ অবৈধভাবে করে ক্ষমতা দখল করে রেখেছিল। যারা নির্বাচনকে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন। আগামীতে আমরা চাই অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হন্তান্তর করে যার যার জায়গায় চলে যাক। তবে দেশের মানুষের আমানত শ্বশুরবাড়ির নিয়ামত মনে করবেন না। যত দ্রুত সম্ভব সংস্কার করে সুষ্ঠু নির্বাচন দেবেন।
নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।










