বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে
গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (১০
আগস্ট) বেলা ১১টার পরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে
যান। এ সময় তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টার পরে হেলিকপ্টারযোগে ড. ইউনূস ও দুই উপদেষ্টা পীরগঞ্জের মেরিন একাডেমিতে অবতরণ করেন। এরপর তিনি আবু সাঈদের বাড়িতে যান। তিনি ও দুই উপদেষ্টা আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তারা আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন।
আবু সাঈদের
বাড়ি থেকে সড়কপথে
ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে
আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।
সেখান থেকে বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ে যাবেন। এরপর তিনি রংপুর
সার্কিট হাউসে অবস্থান করবেন।
এ সময় প্রধান
উপদেষ্টা ও অপর দুই উপদেষ্টাসহ ডাকসুর সাবেক
সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও উপস্থিত ছিলেন।
গত ১৬ জুলাই রংপুরে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের
গুলিতে আবু সাঈদ নিহত
হন। ওই ঘটনার ভিডিও
ছড়িয়ে পড়ার পর সারা
দেশে আন্দোলন জোরদার করা হয়। একপর্যায়ে
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের
পদত্যাগের এক দফা দাবিতে
আন্দোলনে নামে। গত সোমবার প্রধানমন্ত্রীর
পদ থেকে পদত্যাগ করে
দেশ ছাড়েন শেখ হাসিনা।










