সকাল থেকেই আংশিক মেঘলা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত দেখা মেলেনি রোদের। কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। সামান্য বৃষ্টিও হয়েছে দেশের দুয়েক স্থানে। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ে তাপমাত্রা কমেনি। বরং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা আজ এক দিনের ব্যবধানে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবার দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও আজ বেড়েছে।

আবহাওয়া অফিস বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় আর সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঢাকায়।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরুর দিকে তাপমাত্রা কমতে পারে। তবে তাপমাত্রা না কমলে শীতের অনুভূতি আরও কমে যাবে। আপাতত এ কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শীত বিরাজ করবে কম।

তিনি বলেন, আজ নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।