বাংলাদেশের তৈরি পোশাক খাতের তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি এবং বৈশ্বিক সাপ্লাই চেইনে কারখানাগুলোর ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও আন্তর্জাতিক সংস্থা ওপেন সাপ্লাই হাব (ওএস হাব) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিজিএমইএর পক্ষে সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং ওপেন সাপ্লাই হাবের পক্ষে সিনিয়র ডাইরেক্টর অব প্রোগ্রামস হান্নাহ লেনেট চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী, বিজিএমইএ ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান এম. সাজেদুল করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের পোশাক কারখানাগুলোর তথ্য নিয়ে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেস তৈরি করা হবে। এর মাধ্যমে কারখানার অবস্থান, উৎপাদিত পণ্যের ধরন ও বিশেষ সক্ষমতার তথ্য আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রদর্শন করা সম্ভব হবে।
চুক্তির অংশ হিসেবে বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর তথ্য ওপেন সাপ্লাই হাবের বৈশ্বিক সাপ্লাই চেইন ম্যাপিং প্লাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রতিটি কারখানাকে একটি ‘ইউনিভার্সাল ওএস আইডি’ দেয়া হবে, যা আন্তর্জাতিক ব্র্যান্ড, রিটেইলার ও গবেষকদের জন্য সঠিক কারখানা শনাক্তকরণ এবং তথ্য যাচাই সহজ করবে।
এছাড়া কারখানার মালিক ও ব্যবস্থাপকদের ডিজিটাল প্রোফাইল ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে অনলাইন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। বিভিন্ন প্লাটফর্মের মধ্যে তথ্য আদান-প্রদানের সক্ষমতা বাড়িয়ে একই তথ্য বারবার সরবরাহের প্রয়োজনীয়তাও কমানোর উদ্যোগ নেয়া হবে।
ওপেন সাপ্লাই হাবের সিনিয়র ডাইরেক্টর অব প্রোগ্রামস হান্নাহ লেনেট বলেন, বিজিএমইএর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিটি কারখানাকে একটি ইউনিক ডিজিটাল প্রোফাইল দেয়া হবে, যা তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি কারখানাগুলোর সামাজিক ও পরিবেশগত অগ্রগতিও বিশ্বদরবারে তুলে ধরবে। তিনি বলেন, এই উদ্যোগ আন্তর্জাতিক ব্র্যান্ড ও রিটেইলারদের আরও নির্ভরযোগ্য সোর্সিং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
বিজিএমইএর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, স্বচ্ছ ও ট্রেসেবল সাপ্লাই চেইন গড়ে তুলতে এ অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইউরোপীয় ইউনিয়নের টেকসই উন্নয়নসংক্রান্ত কঠোর বিধিনিষেধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতায় নির্ভরযোগ্য তথ্য এখন ব্যবসার অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই উদ্যোগ বাংলাদেশের পোশাক খাতকে টেকসই সোর্সিং গন্তব্য হিসেবে আরো শক্ত অবস্থানে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, সাপ্লাই চেইনের স্বচ্ছতাই টেকসই বাণিজ্যের ভিত্তি। ওপেন সাপ্লাই হাবের সঙ্গে এই উদ্যোগ বাংলাদেশের উৎপাদন খাতের তথ্য বিশ্বব্যাপী সহজে পৌঁছে দিতে সহায়তা করবে। আন্তর্জাতিক আইনি কাঠামোর চাহিদা অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দায়িত্বশীল সরবরাহকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান জোরদার করতে পারবে।










