শেখ হাসিনা ১৫ বছরে দেশের ব্যাংক, বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘৭৫-এ শেখ মুজিব পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনাও ২৪-এ পালিয়েছে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জার্ক পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যাকাণ্ডের বদলা নেয়া হবে। যেসব নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।’

তিনি আরো বলেন, ‘জাতিকে মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে। বিএনপি দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি কোনোভাবেই আগে স্থানীয় নির্বাচন চায়না। আগে জাতীয় নির্বাচন হতে হবে।’

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, তারিকুল হাসান, আব্দুল আলীম, মৃনাল কান্তি রায়, আবুল হাসান হাদী, তাসকীন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম, ডা. শহিদুর রহমান, কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জামায়াতকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়ে একটি দল নির্বাচন প্রলম্বিত করতে চাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এ দেশের জনগণ মেনে নেবে না।’

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কারো ফাঁদে পা দেবেন না। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দেশ তুলে দিন। যত কিছু সংস্কার করেন না কেন তা বাস্তবায়ন করতে হলে সংসদ লাগবে। তাই কোনো তালবাহানা না করে আগে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’

এ সময় বিএনপির ৩১ দফা মানলে আর কোনো সংস্কারের দরকার নেই বলে বক্তারা মন্তব্য করেন।