গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে । সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এ ধাপে অংশগ্রহণ যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা অংশগ্রহণ করছে। মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

হাবিবুল্লাহ রায়হান জানান, প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। রোববার মাগরিবের আগেই পরিচ্ছন্নতা কাজ শেষ হয়।

তিনি আরো বলেন, বিদেশী মেহমানদের জন্যও প্রস্তুত করা হয়েছে আলাদা তাবু। সেখানে ৭৬টি দেশ থেকে আগত প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন। আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা সম্পন্ন করে তারা যার যার দেশে ফিরবেন।

এদিকে, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতোই আছে। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। তিনি জানান, ময়দান ও চারপাশের এলাকা ২৩৫টি সিসি ক্যামেরা ও বাইনোকুলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

জিএমপি কমিশনার বলেন, রোববার প্রথম ধাপের আখেরি মোনাজাতের সময় পাবলিকের ড্রোনের ধাক্কায় বেলুন ফেটে আতঙ্ক তৈরি হয়। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।

এ সময় পুলিশ কমিশনারের সাথে জিএমপির অতিরিক্ত কমিশনারসহ উপ-কমিশনাররা এবং সংশ্লিষ্ট থানার ওসি ও আয়োজক কমিটির পক্ষে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।