বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে। একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে, ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে।
তিনি বলেন, একজন ছাত্র নীতির জন্য জীবন দিতে দ্বিধা করে না। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলছেন।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরের আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আবুল হাসনাত মো. শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।
সমাবেশে ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন এ বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। এ দেশে আর কেউ অন্যায় করতে পারবে না। অন্যায় ও জুলুমকারীরা যত ক্ষমতাবান হোক না কেন, তাদের শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিতে হবে। তিনি আজকে কোথায়? তার রাজনৈতিক মৃত্যু হয়েছে।
কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মোড়লগঞ্জবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মোড়লগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের বাসিন্দা ও বিএনপির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।










