বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পানির অভাবে বাংলাদেশে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে। ১৫ লাখ টন চাল বেশি উৎপাদন হলে এ দেশের মানুষ সুখে-শান্তিতে থাকত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তার অববাহিকায় তিস্তা রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের এখানে ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তিস্তাপাড়ের মানুষ বাড়িঘর ফেলে চলে যাচ্ছে। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিকভাবে ন্যায়নীতির ন্যায্য দাবি। সবার দাবি, বিশ্বের অন্যান্য দেশের মতো পানি বণ্টনের ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তিস্তা বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছেন, তা বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। এর বহিঃপ্রকাশ এ আন্দোলনের মাধ্যমে ঘটেছে। এ আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন পানি না আসবে, ততদিন এ আন্দোলন চলবে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বাংলাদেশের মানুষের জনসমর্থন ছাড়া কোনো কিছুই সমাধান সম্ভব নয়। বিএনপি জনগণের সমর্থন নিয়ে এর সমাধানের লক্ষ্যে এ আন্দোলন শুরু করেছে। এটির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপি নেতা হায়দার আলী, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।










