জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।

শনিবার (১৯ জুলাই) মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেল থেকেও তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জামায়াত নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।