বাংলাদেশে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন  শেখ হাসিনা৷  তার পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়েও হচ্ছে আলোচনা। তবে শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়৷ ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি৷

এ সময় পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়৷  তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে৷ কয়েকজন শুধুমাত্র জানতেন যে তিনি ঘোষণা দেবেন। তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল তার পরিকল্পনা৷ 

জয় বলেন, তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করল তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই৷ তোমার এখনই বেরিয়ে যেতে হবে৷ আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই৷ 

সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেন, তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো৷ তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো৷ আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি৷ আমরা এখানে সেটেলড৷ আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই৷ আমরা এখানে থাকতে অভ্যস্ত। 

শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এ রকম কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন৷ আমার বোন ওনার কাছে আছেন৷ আমার বোনতো দিল্লিতে থাকেন৷ তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ৷

জয় বলেন, তিনি (শেখ হাসিনা) খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে৷ যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।