কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী মরাগাছতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) ও উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে আব্দুর রহমান (১৮) মারা যান।

দুর্ঘটনাকবলিত স্থান মরাগাছতলাস্থ গ্যাস পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল টেকনাফমুখী একটি বাসের আগে যেতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুজনই ঘটনাস্থলে মারা যান। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি মাহাবুল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ভিকটিমের পরিবার অভিযোগ করলে মামলা নেয়া হবে বলে ওসি জানান।