যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলুর টর্চার সেল থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে অপহূত একজনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্রে এইচএমএম রোডের জব্বার অ্যান্ড সন্স দোকানের পেছনের গলিতে শিপলুর টর্চার সেল থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
এ সময় সাবেক ছাত্রলীগ নেতা শহরের পুরনো কসবা কাজীপাড়ার শাহজাহান কবির শিপলু (৪৩), শহরের
বকচরের শফিকুল ইসলাম চিন্টু ও চাঁচড়ার কবরস্থান এলাকার কুলসুম (৩০) নামের তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্যাংকের ফাঁকা চেক, তিনটি কাঠের লাঠি, ৩৫ হাজার টাকা ও সেলফোন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় গতকাল মামলা হয়েছে। পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার বলেন, বৃহস্পতিবার বিকালে শহরের এইচএমএম আলী সড়কের জব্বার অ্যান্ড সন্স দোকানের সামনে থেকে চাঁচড়ার মধ্যপাড়ার ব্যবসায়ী সাইফুল ইসলামকে অপহরণ করা হয়েছে। চাঁচড়ার কবরস্থান এলাকার বাসিন্দা কুলসুমের পাওনা টাকা আদায়ের জন্য অপহরণ করে জব্বারের দোকানের পেছনে গলিপথে সাবেক ছাত্রনেতা শিপলুর কথিত টর্চার সেলে নেয়া হয়েছে। শিপলুর নির্দেশে অজ্ঞাতানামা সাত/আট সন্ত্রাসী সাইফুলকে মারধর করে বাড়িতে খবর পাঠায়। তারা ফাঁকা চেক গ্রহণ ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং ৫৩ হাজার টাকা আদায় করে। সংবাদ পেয়ে পুলিশ সাইফুলকে উদ্ধার এবং শিপলুসহ তিনজনকে আটক করে।










