প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। কেননা তিনি এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। বিবিসিকে গতকাল দেয়া এক প্রতিক্রিয়ায় সজীব ওয়াজেদ জয় এ কথা বলেছেন।
প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন ছেলে সজীব ওয়াজেদ। তিনি বিবিসিকে এও বলেছেন, রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন তার মা।
জয় দাবি করেছেন, শেখ হাসিনা যখন ক্ষমতা নেন, তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র মনে করা হতো। এটি দরিদ্র দেশ ছিল। আর এখন এটি একটি উদীয়মান রাষ্ট্র। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি খুব হতাশ।
আন্দোলন মোকাবেলায় সরকারের কঠোরতার অভিযাগ অস্বীকার করে জয় বলেন, আপনার দেখেছেন, গতকাল (রোববার) ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যখন কেউ পুলিশকে হত্যা করে, তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?
হিন্দন ঘাঁটিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দোভাল
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে বাংলাদেশের দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শেখ হাসিনা ঢাকা থেকে এ বিমানঘাঁটিতে অবতরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনটিভি এ খবর জানিয়েছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস এমপি রাহুল গান্ধী লোকসভার বর্ষাকালীন অধিবেশন চলাকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। উভয় নেতা বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।










