বিদেশী বিনিয়োগ আনা শুধু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি আরো বলেন, সরকারের ভেতরে ছোট ছোট সরকার রয়েছে, যার কারণে আমাদের কর্মকাণ্ডে নানা ধরনের জটিলতা তৈরি হয়।

রাজধানীর বনানীতে অবস্থিত পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) কনফারেন্স হলে আজ ‘বাণিজ্য নীতি, শিল্প সুরক্ষা, বিনিয়োগের প্রভাব ও ভোক্তা কল্যাণ’ বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এসব মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান।

ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহায়তায় পিআরআইয়ের সেন্টার ফর ট্রেড অ্যান্ড প্রটেকশন পলিসি রিসার্চ (সিটিপিপিআর) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই চেয়ায়ম্যান ড. জায়েদি সাত্তার।

সেমিনারে আশিক চৌধুরী আরো জানান, জ্বালানি সমস্যার সমাধান করতে না পারলে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে আস্থার ঘাটতি দূর হবে না। এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে অনুষ্ঠানে আরেক আলোচক কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা করা যেন বড় ধরনের অন্যায় হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার মতো পরিবেশ রাখা হয়নি এবং এর জন্য আমলাতন্ত্র দায়ী।

তিনি আরো বলেন, সরকার ৬-৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে। কিন্তু এসব না দিয়ে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দেয়া উচিত।