খাগড়াছড়ি জেলা সদরের জিরোমাইল এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ফিরোজ (২৬)। তিনি বান্দরবান জেলার লামা উপজেলার শিলাছড়ি এলাকার কামাল হোসেনের ছেলে। আহত রাকিব (২৮) গোপালগঞ্জের চলকরপুর গ্রামের ওহাব কাজির ছেলে। তিনি বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

1000130322

দুর্ঘটনায় চূর্ণ-বিচূর্ণ মোটরসাইকেল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খাগড়াছড়ি শহরের কলেজ গেট এলাকা থেকে মোটরসাইকেলে করে মাটিরাঙা যাচ্ছিলেন রাকিব ও ফিরোজ। পথে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ফিরোজ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।