মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারী মারা গেছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম (৫০) দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে তারা পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তিনি রেললাইন পার হয়ে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পরিবারের লোকজন।