সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে মামলার কারণে কিংবা আদালতের আদেশে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। গতকাল শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আপনার ইউনিট/অধীন ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই/সমপদমর্যাদা এবং ঢাকা মহানগর পুলিশ–ডিএমপির ক্ষেত্রে উপপরিদর্শক থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলার কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন বলেন, প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে মামলার কারণে কিংবা আদালতের আদেশে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।










