পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার (১০ আগস্ট) সন্ধ্যার মধ্যে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে যাচ্ছেন আশফাকুল ইসলাম।
এর আগে, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সকল বিচারপতিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেধে দেয়া দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম প্রসঙ্গে আজ দুপুরে গণমাধ্যমকে এসব জানান ওবায়দুল হাসান।
আজ বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন। তার আগে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকে আবার স্থগিত করেছিলেন ওবায়দুল হাসান।
প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশ’ আন্দোলনকারী অবস্থান করেছেন। আজ বেলা পৌনে ১২টা থেকে হাইকোর্ট ভবনের সামনে অবস্থান করছেন আন্দোলনকারীরা। তাঁরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। হাইকোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনী অবস্থান করছে।










