পুলিশে বেশ কিছু রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পৃথক প্রজ্ঞাপন ও আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব বদলের কথা জানিয়েছে।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেনকে চাকরি থেকে অবসর দিয়েছে সরকার। এছাড়া পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে। এসবি প্রধান হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে।

ডিএমপির উপকমিশনার (ডিসি) এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ জনকে রদবদল করা হয়েছে। বদলি করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজনকেও।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্রে বদলি করা হয়েছে। রদবদল করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরো সাত কর্মকর্তাকেও।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।

ডিসি পদে পাঁচজনকে দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে ডিএমপি। এছাড়া ঢাকার কিছু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

এর আগে সরকার পতনের পর পুলিশের শীর্ষস্থানীয় পদগুলোতেও পরিবর্তন আসে। পুলিশের মহাপরিদর্শক পদে ৭ আগস্ট নিয়োগ পান মো. ময়নুল ইসলাম।