সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে জুলাই ও আগস্টে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ শনিবার (১০ আগস্ট) আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইন মন্ত্রণালয়ের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার শুরুতেই ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণআন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলোও আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদেরও আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেয়ার ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে আইন মন্ত্রণালয়ের ওই সভায়।

সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা নেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।

এছাড়া আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নাম্বারে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেয়ার ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

এরপর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা। সেখানেও বৈষম্য ও শোষণহীণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কর্মকর্তাদের সততার সঙ্গে দ্রুত কাজ করার মিশনে নামতে হবে।