যশোরে ভৈরব নদ দূষণকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে ভৈরব নদে সরেজমিন অভিযানে যায় এ-সংক্রান্ত উপকমিটি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যশোর ভৈরব নদে স্যুয়ারেজ লাইন মনিটরিং ও আইনি ব্যবস্থা গ্রহণ উপকমিটির আহ্বায়ক কাজী সায়েমুজ্জামান এ অভিযানের নেতৃত্ব দেন। ইঞ্জিনচালিত নৌকা করে শেখহাটি বাবলাতলা শফিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ঘাট থেকে শুরু হয়ে নীলগঞ্জ সেতুতে গিয়ে অভিযান শেষ হয়।

নৌকা থেকে হ্যান্ডমাইকের মাধ্যমে দুই পাড়ের অধিবাসীদের নদে ময়লা-আবর্জনা না ফেলা এবং সরাসরি স্যুয়ারেজ লাইন ও সেপটিক ট্যাংক স্থাপন না করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রাথমিক এ সতর্কবার্তা অমান্যকারীদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান, উপসহকারী প্রকৌশলী শরীফ রেজা প্রমুখ।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, ভৈরব নদের দুই পাশের অনেক প্রতিষ্ঠান, বাসাবাড়ি থেকে নির্গত পয়ঃবর্জসহ অন্যান্য বর্জ্য, সরাসরি নদে ফেলার কারণে ভৈরব নদের পানি দূষিত হচ্ছে এবং নদ ভরাট ত্বরান্বিত হচ্ছে।