জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা জুলাই আন্দোলন যে লক্ষ্যে শুরু করেছিলাম সেই লড়াই এখনো শেষ হয়নি। সারা দেশে আওয়ামী ফ্যাসিস্ট এখনো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সতর্ক থেকে তাদের মোকাবেলা করতে হবে। আমরা যেমন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তেমনি মানবাধিকার লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। দেশ থেকে মুজিববাদ মুছে ফেলতে হবে।’

গতকাল সন্ধ্যায় হবিগঞ্জে সাইফুর রহমান টাউনহলে জুলাই পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘সম্প্রতি যৌথ বাহিনী দ্বারা যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার নিন্দা জানাই পাশাপাশি যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলি।’

সংগঠনের সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠনের উত্তরাঞ্চলীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ যুগ্ম সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।