দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় ছাত্রলীগের এক ওয়ার্ড সভাপতি গ্রেফতার হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিলে তাকে আটক করা হয়।
গ্রেফতার শাহাজাদা আলম (৩২) নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আরিফুল ইসলাম জানান, শাহাজাদা আলম ইমিগ্রেশন কার্যক্রমের সময় তার পাসপোর্ট জমা দেন। পরে তার তথ্য যাচাই করে জানা যায়, সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে দলীয় অফিস ভাঙচুর ও আহত করার অভিযোগে মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে সৈয়দপুর থানায় জানানো হয়।
এসআই আরিফুল আরো জানান, সৈয়দপুর থানার পক্ষ থেকে তার বিরুদ্ধে রিকুইজিশন থাকার বিষয়টি জানানো হয় এবং তাকে আটক রাখার নির্দেশ দেয়া হয়। পরে তাকে হাকিমপুর থানার কাছে হস্তান্তর করা হয়। সৈয়দপুর থানার পুলিশ এসে তাকে নিয়ে যাবে বলে জানানো হয়েছে।
গ্রেফতার শাহাজাদা আলম নিজেও তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি স্বীকার করেছেন।










