কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের সন্ত্রাসীদের হুমকি উপেক্ষা করে ভাসানচরের পথে রওনা হয়েছে আরো ৭০৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ। গতকাল নবম দফায় দুই পর্বে এসব রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হয়।

জানা গেছে, গতকাল দুপুর ও বিকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে দুই পর্বে ৭০৫ রোহিঙ্গা নারী-পুরুষ নিয়ে গাড়িবহর চট্টগ্রামের পথে রওনা হয়। সেখান থেকে আজ সকালে নৌবাহিনীর জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হবে বলে সূত্রে জানা গেছে। এর আগে তালিকাভুক্ত রোহিঙ্গাদের গতকাল সকালে গাড়িতে করে প্রথমে উখিয়া কলেজমাঠে নিয়ে আসা হয়। রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রমের সঙ্গে যুক্ত সরকারি সংস্থার কর্মকর্তারা বলেছেন, আজ ৭০০-৮০০ রোহিঙ্গা ভাসানচরে যেতে পারে।

এর আগে পর্যায়ক্রমে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৯৫৭ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়।

আরআরআরসি কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালীর ভাসানচরে এক লাখ রোহিঙ্গার ধারণক্ষমতার আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে সরকার। যেখানে ১৩ হাজার একর আয়তনের ১২০টি অবকাঠামো তৈরি করা হয়।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখের অধিক রোহিঙ্গা। এর পর থেকে তারা উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে অবস্থান করছে।