শেরপুর-ঢাকা মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় পিটিআইয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন— সিএনজি চালক কামারিয়া গ্রামের লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়ার অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), গজারিয়া গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী কামরুজ্জামান ইমন বাবু (২৮) ও তার ছোট বোন মাইসা তাসনিম মীম (২২) ও চিতলিয়া গ্রামের কাঠমিস্ত্রী শুভাশ চন্দ্রের স্ত্রী নিনা রানী (৪০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গনপদ্দি বাজার থেকে শেরপুরগামী সিএনজি এবং রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের যাত্রীবাহী বাস সাপমারী এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সিএনজির সামনে হঠাৎ কুকুর দেখা গেলে সেটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত নিনা রানীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইদুল আলম জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










