পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছিল। এর পরে অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে আবারো লাইফ সাপোর্টে নেয়া হয়। এ পরিস্থিতিতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেয়া এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।










