রাজধানীর মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে উত্তরা পশ্চিম থানার মামুন হত্যাচেষ্টা মামলায় কিরণ ও ধানমন্ডি থানার রিয়াজ হত্যায় মামলায় সৈকতের রিমান্ড মঞ্জুর হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে আজ এ আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর উত্তরা পশ্চিম থানার মামলায় কিরণ ও ধানমন্ডি থানার মামলায় সৈকতের সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডে মঞ্জুর করেন।










