কক্সবাজারে একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারির পর ভিন্ন স্থানে সমাবেশ করেছে বিএনপি। গতকাল শহরের ঈদগাহ মাঠে মাত্র আধা ঘণ্টার সংক্ষিপ্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ১০টার দিকে সমাবেশ শুরু হয়। শেষ হয় পৌনে ১১টার দিকে। এর আগে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহরের শহীদ সরণি সড়কে সমাবেশের ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি। ওই সমাবেশস্থলের পাশেই শহীদ মিনারে গণতন্ত্রের বিজয় উদযাপন কর্মসূচির ডাক দেয় জেলা যুবলীগ। উদ্ভূত পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
পরে সকাল ১০টার দিকে হঠাৎ বিএনপি নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে জড়ো হয়। সেখানে আধা ঘণ্টার মতো সংক্ষিপ্ত সমাবেশ করার পর নেতাকর্মীরা চলে যান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক এমপি লুত্ফুর রহমান কাজল, আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ প্রমুখ।










