বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর হতে যাচ্ছেন অর্থনীতিবিদ আহসান
এইচ মনসুর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে
তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের আইন পরিবর্তন করতে হবে। এজন্য আইনে
প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
আহসান এইচ মনসুর বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ
ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক। আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)
বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের আর্থিক খাতের একজন বিশ্লেষক
হিসেবে সুপরিচিত।
বর্তমান আইন অনুযায়ী সর্বোচ্চ ৬৭ বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্রীয়
ব্যাংকের গভর্নর নিয়োগ করা যায়। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছর ৮ মাস। সে
কারণে অর্থ মন্ত্রণালয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।
আর্থিক বিভাগ সূত্রে জানা গেছে, গভর্নর নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা তুলে
দেয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার বিবেচনার জন্য পাঠানো হচ্ছে। প্রধান উপদেষ্টার অনুমোদন
পাওয়া গেলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে তার বিবেচনার জন্য। রাষ্ট্রপতি এ প্রস্তাব
অনুমোদন করলে অধ্যাদেশ আকারে তা জারি করা হবে। আজ মঙ্গলবারই (১৩ আগস্ট) এ প্রক্রিয়া
সম্পন্ন হতে পারে বলে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।
অধ্যাদেশ জারি হলে ক্যাবিনেট সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ চূড়ান্ত হবে।










