কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ কেন্দ্র করে সারাদেশের মতো রাজধানী ঢাকার পরিস্থিতিও থমথমে ছিল। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় যান চলাচল করলেও মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। তবে আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীতে যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বেড়েছে। সকাল থেকেই অফিসগামী মানুষের ভিড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল দেখা গেছে ঢাকার সড়কে। বুধবার রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিন ভোর থেকেই সড়কে মানুষের উপস্থিতি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসগামী মানুষের ভিড় বাড়তে থাকে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে। সকালে সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের সংখ্যাও কম ছিল। বেশি দেখা গেছে গণপরিবহনের সংখ্যা।
রাজধানীর পোস্তগোলায় রাঈদা পরিবহনের চালকের সহকারী আকরাম বলেন, 'কালকের চেয়ে আজ মানুষের চলাচল বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে মানুষ আরো বাড়বে। কয়দিন আর কাজ বন্ধ রাখবে মানুষ।'
এদিকে আজও রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। দেখা গেছে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতেও। রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের দুই পাশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসহ সব ধরনের দোকান খুলেছে আজ।










