সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে পরাজিত শক্তি। তাদের প্রতিহত করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ সোমবার (৫ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে পরাজিত শক্তি। যারা পাকিস্তানি পেতাত্মা, হানাদার বাহিনির মতো ধংসযজ্ঞ চালাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। যখন এসব ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে তখন তারা মানুষের সম্প্রীতি নষ্ট করার জন্য সংখ্যালঘুদের উপর হামলা, ভাংচুর শুরু করেছিল। যার সাথে এ দেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। আমরা ছাত্র জনতাকে সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার জন্য দেশের প্রত্যেকটি জায়গায় অবস্থান নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যাতে পরাজিত শক্তি আরো একবার এ দেশের মানুষের উপর নির্যাতন চালাতে না পারে। তারা এখন মুখোশ পাল্টে সাধারণ ছাত্র জনতার ভেতর ঢুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ছাত্র জনতা যেভাবে একটি ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করেছে সেভাবে যারা সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদেরও প্রতিহত করবে। এর জন্য এ দেশের ছাত্র জনতার দশ মিনিট সময় লাগবে না।

তিনি আরো বলেন, ছাত্র জনতা রাজপথে আছে। আমি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে তাদের বলছি প্রতিটি গ্রামে, গঞ্জে, প্রতিটি পাড়ায় মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমাদের সংখ্যালঘু ভাইবোনদের নিরাপত্তা দেয়ার জন্য নেমে পড়ুন। যাতে আর কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে।