বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ মো. মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো স্থান নেই। আওয়ামী লীগের গত ১৫ বছরে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পাচারের টাকায় এখন বিদেশে বসে আরাম-আয়েশ করছে। এদিকে আনাচে-কানাচে থাকা পতিত সরকারের প্রেতাত্মারা অস্ত্রবাজি, দখলবাজি, চাঁদাবাজি করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এসব সন্ত্রাসী- চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা ইপিজেডের উনাইসার গেট এলাকায় নাগরিক কমিটি আয়োজিত সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব মো. আবুল বাসারসহ ইপিজেড ও আশপাশের এলাকার বিভিন্ন পর্যায়ের নেতারা।