অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনো সেভাবে পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ কর্তৃক আয়োজিত ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনও সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না। কিন্তু রাস্তা-ঘাট, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটাও মানুষ প্রত্যাশা করেনি।
রিজভী বলেন, আমাদের ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রাম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ক্রমাগতভাবে করে এসেছি। এর মধ্যে কতজনের জীবন গেছে, দৃষ্টিহীন হয়েছে সেটার শেষ নেই। কিন্তু আমরা চেয়েছি এমন সমাজ যে সমাজ সবাইকে ধারণ করে, সবাইকে সেখানে লালন করে। অশ্লীলতাকে আমরা খারিজ করি কিন্তু আমাদের সাংস্কৃতিক চর্চা থাকতে হবে।










