নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতীর দখল করে গড়ে ওঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এস্কাভেটর দিয়ে কয়েকটি পাকা ও আধা পাকা স্থাপনা, টিনশেড ঘরসহ ২২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ, উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা। অভিযানের সময় বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, গতকাল শিমরাইল কাঁচপুর ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শীতলক্ষ্যা নদীতীর দখল করে গড়ে ওঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে
নদী দখলদারদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।










