সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে এক হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে বুধবার রাত থেকে আজ পর্যন্ত এক হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৬৬ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার এক হাজার ৯৯ জন।

দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা, এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।