গণহত্যা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন আছে, যারা হত্যাকাণ্ডে জড়িত না তারা কী অনুতপ্ত হয়েছে? তারা কী বলেছে যে আমরা অনুতপ্ত? আপনারা কী দেখেছেন? তাদের কেউ কী বলেছে আমাদের পার্টি এ কাজ করেছে এজন্য আমরা অনুতপ্ত বোধ করছি, আমরা ক্ষমা চাই।
শফিকুল আলম বলেন, হত্যাকাণ্ডগুলো দেখেন, ৭১টা শিশুকে তারা মেরেছে। আপনি ওপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে গুলি করে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলেছে যে আমরা শেখ হাসিনার নেতৃত্ব মানি না, একটা ক্লিন ইমেজের নেতা চাই। এদের মধ্যে কোনো অনুশোচনা নেই, অনুতাপ নেই। তারা বরং মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে।
তিনি আরো বলেন, কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের এ নেতৃত্বকে আইনের আওতায় আনা হচ্ছে, ন্যায়বিচারের মুখোমুখি যতদিন তারা না হচ্ছে, ততদিন তাদের কোনো ধরনের বিক্ষোভ করতে দেয়া হবে না। তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের স্পষ্ট অবস্থান এখানে।










