নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।
দুর্ঘটনায় নিহতরা হলেন— রাম দাস (৭০), ইবাদুল্লাহ (৭০) ও হৃদয় (২৭)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাতে মাছ কিনছিলেন রাম দাস ও ইবাদুল্লাহ। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামের আরো তিন পথচারী গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দিনে সকাল ৭টার দিকে নতুন বাজার থেকে মোটরসাইকেলে রূপগঞ্জে খেজুরের রস খেতে আসেন হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক। কাজ শেষে ঢাকায় ফেরার পথে জেলেপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে হৃদয় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মুন্না ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার ও ট্রলির চালকদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।










