চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুসের বিনিময়ে শুল্ক ছাড়া ব্যবসায়ীদের পণ্য ছাড় করানোর মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার ( ১০ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, দুদক টিম অভিযোগের বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার এবং সিএন্ডএফের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে।
অভিযানকালে টিম সরেজমিনে আমদানিকৃত কিছু ট্রাকের মালামালের পরিমাপ গ্রহণ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।










