তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টায় বোর্ডের সভা শুরু হয়। বৈঠকটি এখনো চলছে।

বৈঠকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করছেন সৈয়দ আজাদ সুবহানী। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাবুল আক্তার ও আনোয়ার হোসেন। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন এ বি এম সামসুদ্দিন ও আসিফ আইয়ুব। এছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন মসলেহ উদ্দিন। বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রাইসা আফরোজ।

এর আগে আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে সরিয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়।

সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।