দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ছয় শিশু। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে পাঁচজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যেও পাঁচজন ঢাকা বিভাগের ও একজন বরিশাল বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১০ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯। আর চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৪৩৯ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে আছে ৯৪৩ জন। আর বরিশালে ২১৯ জন, চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৬০, রাজশাহী ২১৯, রংপুরে ৬৫ ও সিলেট বিভাগে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন।

এদিকে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের।

একই সময়ে হাম ও উপসর্গে ১ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৮ জন মারা গেছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৩ জন, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৮৯ জন, চট্টগ্রামে ২৩৬, সিলেটে ১৪০, বরিশালে ১৩২, খুলনায় ৯৪, ময়মনসিংহে ১০০, রংপুরে ৩৫ ও রাজশাহীতে আছে ৩৪ জন।

হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।